কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগে অলি আহমেদ দয়ালশাহ নামে এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হল প্রশাসন। একই সঙ্গে হলের শৃঙ্খলা ভঙ্গ ও হল প্রভোস্টের সঙ্গে অসদাচরণের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।
রোববার (১১ অক্টোবর) হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. মহিউদ্দিন স্বাক্ষরিত নোটিশে তাকে আগামী ১৪ অক্টোবরের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, ১১ অক্টোবর হলে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুর, হলের শৃঙ্খলা ভঙ্গ এবং এ বিষয়ে হল প্রভোস্টের সঙ্গে মুঠোফোনে কথোপকথনের সময় অসদাচরণ করেছেন ওই শিক্ষার্থী। কেন তাকে হল থেকে বহিষ্কার করা হবে না এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে। অন্যথায় হল প্রশাসন তার বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নিতে পারবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
জানা যায়, অলি আহমেদ দয়ালশাহ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিজয়-২৪ হলের ৪০৫ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। ১১ অক্টোবর হলের চারতলার নতুন ব্লকে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটে। পরে হলের অন্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাকে শনাক্ত করা হয় বলে জানান হল প্রভোস্ট।
এ বিষয়ে হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন বলেন, ‘আমরা যখন সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের খবর পাই তখন অন্য ক্যামেরার ফুটেজ দেখে এই শিক্ষার্থীকে শনাক্ত করি। এরপর তার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি তার কক্ষে গিয়ে কথা বলতে বলেন। আমরা হল প্রশাসনের সদস্যরা তার কক্ষে গিয়ে তাকে পাইনি। পরে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। আমরা তাকে শোকজ নোটিশ দিয়েছি। ১৪ তারিখের মধ্যে নোটিশের জবাব এলে বা না এলে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

