ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজল রেখা (৩৫) নামে এক নারী হাজতির মৃত্যু হয়েছে। তিনি মাদক মামলায় কারাগারে বন্দি ছিলেন।
সোমবার রাতে ঝালকাঠি জেলা কারাগারের অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়েন কাজল রেখা। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঝালকাঠি জেলা কারাগারের সুপার মোহাম্মদ বিকাশ রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত কাজল রেখা ঝালকাঠির নলছিটি উপজেলার ইসলামাবাদ এলাকার আরিফ হোসেনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাজল রেখাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এরপর থেকে তিনি ঝালকাঠি জেলা কারাগারে বন্দি ছিলেন।

