Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার 
অক্টোবর ১৫, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার 

বাগেরহাটের চিতলমারী উপজেলার সাতটি ইউনিয়নে অর্থের বিনিময়ে আওয়ামী লীগের দোসরদের সার ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগে তা বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দলসহ বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রকৃত ব্যবসায়ী ও যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করে অর্থ লেনদেন ও স্বজনপ্রীতির মাধ্যমে সার ডিলারশিপ বরাদ্দ দেওয়া হয়েছে। এতে স্থানীয় কৃষকেরা সঠিক সময়ে ন্যায্যমূল্যে সার পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়তে পারেন। তাঁদের দাবি, উপজেলার অধিকাংশ ডিলারশিপ আওয়ামী লীগের নেতাকর্মীরা পেয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিতর্কিত করার উদ্দেশ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।

বক্তারা অবিলম্বে বিতর্কিত ডিলার নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকৃত ব্যবসায়ীদের সার ডিলার নিয়োগ দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নিয়ামত আলী খান, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জবরুল শেখ, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইউসুব আলী শেখ, হিজলা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ তাইজুল ইসলাম, যুবদল নেতা জয়নুল পারভেজ সুমন, কলাতলা ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক হিল্লোল মীর ও শেরে বাংলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. ইমরান মিরাজ।

এ বিষয়ে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার এবং কমিটির সদস্যসচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত-আল-মারুফ পৃথকভাবে যুগান্তরকে বলেন, সরকারি নীতিমালা অনুসরণ করে ডিলার নিয়োগের তালিকা জেলায় পাঠানো হয়েছে। যাঁদের নিজস্ব বড় গোডাউন রয়েছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ ছাড়া সরকারদলীয় তিনজন গণ্যমান্য ব্যক্তির উপস্থিতি ও তাঁদের সুপারিশের ভিত্তিতে তালিকা পাঠানো হয়েছে বলে তাঁরা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।