Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে মাদক ব্যবসায়ীর স্ত্রী ও আ.লীগ নেতার ছেলেকে সার ডিলার নিয়োগের অভিযোগ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৬ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে স্বজনপ্রীতি, অনিয়ম ও অর্থ লেনদেনের মাধ্যমে মাদক ব্যবসায়ীর স্ত্রী এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ছেলেকে সার ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার বিএনপির দুই নেতা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তাঁরা প্রকাশিত ডিলার তালিকা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই-বাছাই করে বাতিলের দাবি জানিয়েছেন।

অভিযোগকারী দুজন হলেন দুর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম এবং শ্যামকুড় ইউনিয়ন বিএনপির নেতা ও সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান। সিরাজুল ইসলামের অভিযোগ, দুর্বাডাঙ্গা ইউনিয়নে বিসিআইসি সারের ডিলার হিসেবে নিয়োগ পাওয়া মেসার্স জান্নাতুল ফেরদাউস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রওশনারা খাতুনের স্বামী আফজাল হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও প্রতারক। সম্প্রতি ডিবি পুলিশের অভিযানে মাদক বিক্রির নগদ ৪৩ হাজার টাকা ও ইয়াবাসহ তিনি আটক হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মনিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এ ছাড়া জামালপুর সদর থানার একটি প্রতারণা মামলায় তাঁর দুই বছরের সাজা হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়। সিরাজুল ইসলামের আরও অভিযোগ, রওশনারা খাতুন চলতি বছর ফ্যামিলি কার্ড শুমারিতে ইউনিয়ন সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, ফজলুর রহমানের অভিযোগ, শ্যামকুড় ইউনিয়নে সার ডিলার হিসেবে নিয়োগ পাওয়া মেসার্স জামান ট্রেডার্সের স্বত্বাধিকারী সালাহ উদ্দিনের বাবা আব্দুল কাশেম নাগোরঘোপ-হাসাডাঙ্গা ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এ ছাড়া রোহিতা ও ঝাঁপা ইউনিয়নে ডিলার নিয়োগ নিয়েও বিতর্ক রয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

এদিকে সার ডিলারের তালিকা প্রকাশের পর তৃণমূল বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। দুর্বাডাঙ্গা ইউনিয়ন যুবদলের নেতা কামারুল ইসলাম ও চিনাটোলা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান অভিযোগ করে বলেন, অতীতে যাঁদের কারণে তাঁরা মামলা-হামলার শিকার হয়েছেন, এখন তাঁদেরই অর্থের বিনিময়ে সুবিধা দেওয়া হচ্ছে বলে তাঁদের অভিযোগ। এতে দলের প্রতি আগ্রহ হারাচ্ছেন তৃণমূলের নেতা-কর্মীরা।

তবে সার ডিলার নিয়োগ পাওয়া রওশনারা খাতুন ও সালাহ উদ্দিন তাঁদের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, নিয়মনীতি অনুসরণ করেই তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি সম্রাট হোসেন বলেন, অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন, তাঁর নিজের নির্বাচনী এলাকা রোহিতা ইউনিয়নেই স্বজনপ্রীতির মাধ্যমে একই পরিবারের তিনজনের নাম তালিকায় পাঠানো হয়েছে। এসব দুর্নীতির বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি প্রশাসনকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।