Nabadhara
ঢাকাবুধবার , ২১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফর্মুলা কার্টের পর এবার ফর্মুলা স্টুডেন্ট কার বানাচ্ছে রুয়েটের টিম অ্যানেক্স

রুয়েট প্রতিনিধি
অক্টোবর ২১, ২০২৬ ১১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

রুয়েট প্রতিনিধি

ফর্মুলা কার্ট তৈরির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আন্তর্জাতিক মানের ‘ফর্মুলা স্টুডেন্ট কার’ নির্মাণ করছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের দল ‘টিম অ্যানেক্স রুয়েট’। ২০২৭ সালে চীনে অনুষ্ঠিতব্য ‘ফর্মুলা স্টুডেন্ট চায়না’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার লক্ষ্য নিয়ে ৪৫ সদস্যের দলটি কাজ করছে।

ইতোমধ্যে গাড়িটির প্রাথমিক নকশা, সিমুলেশন ও চ্যাসিস নির্মাণের কাজ শেষ হয়েছে। চাকা সংযোজনের পাশাপাশি বর্তমানে সাসপেনশন ও স্টিয়ারিং সিস্টেম নিয়ে কাজ করছেন শিক্ষার্থীরা। তবে গাড়িটির বৈদ্যুতিক ব্যবস্থা স্থাপন, বিভিন্ন যন্ত্রাংশের সমন্বয় ও চূড়ান্ত পরীক্ষামূলক চালনা এখনো বাকি। প্রয়োজনীয় অর্থায়ন ও কারিগরি সহযোগিতা পেলে নির্ধারিত সময়ের মধ্যে গাড়িটি প্রস্তুত করার আশা করছেন তাঁরা।

এর আগে ২০২৩ সালে ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিত ‘ফর্মুলা কার্ট ডিজাইন কম্পিটিশন’-এর সপ্তম আসরে অংশ নিয়ে বিজনেস টিম ক্যাটাগরিতে ষষ্ঠ স্থান অর্জন করে টিম অ্যানেক্স। ২০২৫ সালে প্রতিযোগিতায় অংশ নিতে একটি ফর্মুলা কার্ট তৈরি করলেও ভিসা জটিলতায় ভারতে যেতে পারেননি দলের সদস্যরা। এরও আগে ২০২০ সালে ‘ফর্মুলা স্টুডেন্ট চেক রিপাবলিক’ প্রতিযোগিতার জন্য কার্ট তৈরি করলেও কোভিড পরিস্থিতিতে পরিকল্পনা স্থগিত হয়ে যায়। এ ছাড়া ২০১৯ সালে নাসা আয়োজিত ‘হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জে’ (এইচইআরসি) অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে দলটির।

বর্তমানে আটটি সাব-টিমে ভাগ হয়ে গাড়িটির নকশা, যান্ত্রিক ও বৈদ্যুতিক ব্যবস্থা, উৎপাদন, ব্যবসায়িক পরিকল্পনা এবং নিরাপত্তা নিশ্চিত করার কাজ চলছে। টেকনিক্যাল, ডিজাইন, ইলেকট্রিক্যাল, বিজনেস, পিআর অ্যান্ড মিডিয়া, ম্যানুফ্যাকচারিং, লেজিসলেটিভ এবং কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড সেফটি—এই আটটি বিভাগ সমন্বিতভাবে প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে।

দলটির অগ্রগতি সম্পর্কে টিম অ্যানেক্সের দলনেতা ও যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নোমান জামান দিপু বলেন, “আমাদের প্রাথমিক ডিজাইন, সিমুলেশন এবং চ্যাসিস ফেব্রিকেশনের কাজ শেষ হয়েছে। বর্তমানে আমরা সাসপেনশন এবং স্টিয়ারিং সিস্টেম নিয়ে কাজ করছি। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই আমরা পুরো কাজ সফলভাবে সম্পন্ন করতে পারব।”

প্রকল্পটির সার্বিক দিকনির্দেশনা দিচ্ছেন রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদ হাসান খান তুষার, অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এবং অধ্যাপক মো. ওয়াহেদুল ইসলাম।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহযোগিতা পেলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে রুয়েটের শিক্ষার্থীরা নিজেদের প্রকৌশল দক্ষতা তুলে ধরার পাশাপাশি বিশ্বমঞ্চে বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী সক্ষমতার পরিচয় দিতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।