গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও মন্ত্রী পদমর্যাদার জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এই দুই পক্ষ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। তাই নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে, যাতে কেউ উসকানির ফাঁদে পা না দেন।
বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি আয়োজিত একাধিক কর্মীসভায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন থাকার কথা প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জাতিকে জানিয়েছেন। দেশের কয়েকটি স্থানে কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির চেষ্টার কথাও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রতিযোগিতায় কেউ যেন ঘি ঢেলে পরিস্থিতি ঘোলাটে করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। দলকে দুর্বল করা এবং উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় সবাইকে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

