শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় নারিকেল গাছ থেকে পড়ে মাহিন হাওলাদার (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর খুলনায় রেফার করা হলে পথেই তার মৃত্যু হয়।
নিহত মাহিন মোরেলগঞ্জ উপজেলার ইসমাইল হাওলাদারের ছেলে। তার বড় ভাই রাজু হাওলাদার জানান, বাবার কাছ থেকে আলাদা হয়ে তারা শরণখোলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবুনিয়া আবাসন পল্লীতে বসবাস শুরু করেন। মাহিন একসময় পড়াশোনা করলেও বর্তমানে বিভিন্ন মানুষের ডাকে সুপারি ও নারিকেল পেড়ে জীবিকা নির্বাহে সহায়তা করত। বৃহস্পতিবার সকালে প্রতিবেশী রহমান তালুকদার তাকে নারিকেল পাড়ার জন্য একটি গাছে উঠতে বলেন। এ সময় গাছ থেকে পড়ে গুরুতর আহত হয় মাহিন। পরে তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় পথেই তার মৃত্যু হয়।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত কমিউনিটি মেডিকেল অফিসার বিশ্বজিৎ মজুমদার জানান, গাছ থেকে পড়ে আহত মাহিনকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে পথেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, গাছ থেকে পড়ে শিশুর মৃত্যুর খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়েছিলেন। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

