হোসেনপুর(কিশোরগঞ্জ)প্রতিনিধি
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিরাপদ সড়ক চাই (নিসচা) হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে র্যালি, সমাবেশ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা পরিষদের সামনে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন। এ সময় বক্তব্য দেন নিসচা হোসেনপুর উপজেলা শাখার সদস্যসচিব সঞ্চিত চন্দ্র শীল, সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার, ওমর ফারুক খান জনি, মাহফুজ রাজ ও খায়রুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আকিল উদ্দিন।
সমাবেশে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারী—সবার সচেতনতা জরুরি। ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকা এবং পথচারীদের সতর্কভাবে চলাচলের মাধ্যমে দুর্ঘটনা কমানো সম্ভব। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
কর্মসূচিতে নিসচা উপজেলা শাখার সদস্য সাংবাদিক সাগর মিয়া, এস এম রিফাত, এসকে শাহীন নবাব, রিফাত মিয়া, কবি হাদিউল ইসলাম, ফরিদা পারভিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

