কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে খাইরুল ইসলাম নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সারাই ইউনিয়নের সারঙ্গপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খাইরুল ইসলাম ওই এলাকার বুলবুল মিয়া ও খাদিজা বেগম দম্পতির ছেলে।
সারাই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে শিশুটি নানার বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলনা গাড়ি নিয়ে খেলছিল। একপর্যায়ে খেলনা গাড়িটি বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। স্বজনদের অগোচরে গাড়িটি তুলতে গিয়ে ডোবার পানিতে পড়ে ডুবে যায় শিশুটি।
কিছুক্ষণ পর স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখে তাঁরা উদ্ধার করেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। বাড়ির পাশের ডোবা থেকে খেলনা গাড়ি তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

