জয়পুরহাট প্রতিনিধি
দেশকে ভালো করতে হলে নিজেদেরই এগিয়ে আসতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে ডেঙ্গুসহ নানা রোগের ঝুঁকি কমবে। তাই পরিচ্ছন্নতার উদ্যোগ শুধু এক দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় জয়পুরহাটের কালাই পৌর এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ও কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি নেওয়া হয়েছে। এর আওতায় প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার হাটবাজার, রাস্তাঘাটের পাশের ঝোপঝাড়, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় এবং বাড়িঘরের আশপাশ পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কালাই পৌরসভার নয়টি ওয়ার্ডে বিভিন্ন দল গঠন করে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এতে প্রশাসনের পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক, স্কাউট, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন এলাকা গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।
আব্দুল বারী বলেন, অপরিচ্ছন্ন পরিবেশ থেকে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে। তাই নিজের বাড়ি, কর্মস্থল ও আশপাশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। যেখানে-সেখানে ময়লা ফেলা বন্ধ করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় তিনি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় নেতাদের ভাতা, বৃক্ষরোপণ ও খাল খননসহ সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর সহধর্মিণী নাজমা আরা বেগম, জেলা প্রশাসক আল মামুন মিয়া, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহবুব, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টুকু চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান সোহেল তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির তাইফুল ইসলাম ফিতা ও সেক্রেটারি খায়রুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, বিডি ক্লিন, স্কাউট ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

