Nabadhara
ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে নিখোঁজের তিন দিন পর ঝোপ থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার তাঁতী দল নেতা

ফেনী প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সদস্যসচিব ও জুলাই যোদ্ধা মো. আবদুল্লাহ আল আমিনকে (৩০) নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা ও আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে ফেনী সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালিদহ ইউনিয়নের হাফেজিয়া ভাঙার তাকিয়া এলাকার একটি ঝোপ থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে তাঁকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ওই এলাকার একটি ঝোপ থেকে গোঙানির শব্দ শুনতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে ফেনী মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আল আমিনকে উদ্ধার করে। এ সময় তাঁর শরীর ও হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল।

এর আগে আল আমিনের নিখোঁজের ঘটনায় শুক্রবার দুপুরে সোনাগাজী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর চাচি কামরুন নাহার। পরিবারের সদস্যরা জানান, গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশায় সোনাগাজীর উদ্দেশে বাড়ি থেকে বের হন আল আমিন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। ওই দিন রাত ১০টার দিকে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ব্যবহৃত দুটি মোবাইল ফোন নম্বরই বন্ধ পাওয়া যায়।

আল আমিন সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের লকুর দোকানসংলগ্ন আলী আজ্জম মৃধা বাড়ির মৃত আবদুর রশিদের ছেলে।

তাঁর চাচা আবদুল্লাহ আল নোমান জানান, আল আমিনকে উদ্ধারের খবর পেয়ে তাঁরা হাসপাতালে যান। তাঁর শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে এবং তিনি কথা বলতে পারছেন না। সুস্থ হওয়ার পর কারা ও কী কারণে তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে, তা জানা যেতে পারে বলে জানান তিনি।

মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবদল নেতা দাউদুল ইসলাম মিনার বলেন, আল আমিন গেজেটভুক্ত একজন জুলাই যোদ্ধা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাঁর বিরুদ্ধে ২১টি মামলা হয়েছিল। এর মধ্যে একটি মামলায় তাঁর আট বছরের কারাদণ্ড হয়। ওই সময় তাঁর স্ত্রী এক সন্তানকে নিয়ে তাঁকে ছেড়ে চলে যান বলেও জানান তিনি।

উপজেলা তাঁতী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন আল আমিনকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ফেনীর সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঞা সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান আল আমিনকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ এ বিষয়ে কাজ করছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বলেন, পরিবারের পক্ষ থেকে নিখোঁজের জিডি করার পর পুলিশ তৎপরতা শুরু করে। এর পর অপরাধীরা তাঁকে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।