চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় জব্দ করা ৩০ কেজি মাছ তিনটি এতিমখানায় বিতরণ করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) রাতে চৌহালী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলার চৌহালী নৌঘাট থেকে বাঘুটিয়া, উমারপুর ও ঘোরজান ইউনিয়নের যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়।
অভিযানে জব্দ করা প্রায় ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল স্থানীয় লোকজনের উপস্থিতিতে জোতপাড়া নৌঘাট এলাকায় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। পরে জব্দ করা ৩০ কেজি মাছ তিনটি এতিমখানায় বিতরণ করা হয়।
চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রকিবুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে মৎস্য দপ্তরের সিনিয়র ক্ষেত্র সহকারী মো. শফিকুল ইসলাম শফি ও চৌহালী থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
মৎস্য কর্মকর্তা মো. রকিবুল ইসলাম জানান, অবৈধ কারেন্ট জালের ব্যবহার দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। দেশীয় মৎস্য সম্পদ রক্ষা ও মাছের প্রজনন নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

