হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে হেরার আলো ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস, রক্তচাপ ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পেয়েছেন প্রায় এক হাজার মানুষ।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার নতুন বাজার মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজক সূত্রে জানা গেছে, কর্মসূচিতে ৪০০ জনের রক্তের গ্রুপ নির্ণয়, ৩০০ জনের রক্তচাপ পরিমাপ এবং ৩০০ জনের ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা আসাদ মিয়া বলেন, “আমাদের মতো সাধারণ মানুষের জন্য এ ধরনের আয়োজন নিয়মিত করা হলে অনেক উপকার হবে। বিনা খরচে রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করাতে পেরে খুব ভালো লাগছে।”
সংগঠনের সভাপতি জাকারিয়া হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাফাইতুল্লাহ নাঈমের সঞ্চালনায় কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও চিকিৎসক প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সহসভাপতি জুনায়েদ।
সভাপতি জাকারিয়া হোসেন বলেন, “অসহায় ও সাধারণ মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবতার কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
আয়োজকেরা জানান, সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচি সফল করতে সহযোগিতা করায় স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক ও টেকনিশিয়ানদের প্রতি কৃতজ্ঞতা জানান সংগঠনের দায়িত্বশীলরা।

