জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলায় রাতের অন্ধকারে অনুমতি ছাড়া পুকুর খননের অভিযোগে অভিযান চালিয়ে মাটিবোঝাই পাঁচটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টা ৫০ মিনিটে উপজেলার ননুজ বাজারসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-মাহবুব। জব্দ করা ট্রাকগুলো উপজেলা ভূমি অফিসে নেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে অভিযুক্ত ব্যক্তিকে সশরীরে হাজির হয়ে জবাবদিহি করতে নির্দেশ দেওয়া হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-মাহবুব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অনুমতি ছাড়াই পুকুর খনন করতে দেখা যায়। এ সময় মাটিবোঝাই পাঁচটি ট্রাক জব্দ করা হয়। এ কাজের জন্য প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে দেখা করতে বলা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুর খননের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে মো. আহসান হাবিবের বিরুদ্ধে। তিনি কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ননুজ বাজার এলাকার মো. নিজাম উদ্দিনের ছেলে। তিনি উদয়পুর ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে। তবে বর্তমানে দলীয় কোনো পদে তাঁর দায়িত্ব রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
উপজেলা ভূমি অফিস জানিয়েছে, অনুমতি ছাড়া পুকুর খননের ঘটনায় জব্দ করা ট্রাকগুলোর বিষয়ে এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

