Nabadhara
ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টেকসই কৃষি উন্নয়নে উদ্ভিদবিজ্ঞান ও প্রযুক্তি গবেষণার বিকল্প নেই: ড. বাছেত মিয়া

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
অক্টোবর ৩০, ২০২৬ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

টেকসই কৃষি উন্নয়নে উদ্ভিদবিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর গবেষণার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া। তিনি বলেছেন, গবেষণাগারের জ্ঞানকে কৃষকের মাঠের বাস্তবতার সঙ্গে যুক্ত করতে পারলেই গবেষণার প্রকৃত সুফল মানুষের কাছে পৌঁছাবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া বাংলাদেশ সোসাইটি অব প্লান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বিএসপিএসটি) পঞ্চম আন্তর্জাতিক সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুই দিনব্যাপী এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘টেকসই কৃষির জন্য প্লান্ট সায়েন্স ও প্রযুক্তি: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’।

বক্তব্যে ড. বাছেত মিয়া বলেন, জলবায়ু পরিবর্তন, খাদ্যনিরাপত্তা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সহযোগিতা প্রয়োজন। গবেষণার অর্জন তখনই সার্থক হবে, যখন তা কৃষকের উৎপাদন, পরিবেশের সুরক্ষা এবং মানুষের জীবনমান উন্নয়নে বাস্তব অবদান রাখবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বাংলাদেশসহ ১২টি দেশের প্রায় ৩৫০ জন গবেষক, শিক্ষক, বিজ্ঞানী ও পেশাজীবী সম্মেলনে অংশ নিয়েছেন। ২০টি কারিগরি অধিবেশনে ২৬৫টি বৈজ্ঞানিক গবেষণাপত্র উপস্থাপনের আয়োজন রাখা হয়েছে। পাশাপাশি মৌখিক ও পোস্টার উপস্থাপনা, আমন্ত্রিত বক্তাদের বক্তব্য এবং ভার্চুয়াল উপস্থাপনার মাধ্যমে গবেষণার ফলাফল ও অভিজ্ঞতা বিনিময় করা হচ্ছে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শফি উল্লাহ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়ার ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক আমির হামজা গাজালী। এছাড়া ওমানের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শফিক শহীদ একটি কারিগরি অধিবেশনে আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেন।

উদ্ভিদবিজ্ঞান ও কৃষি গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মেলনে ছয়জন বিশিষ্ট বিজ্ঞানীকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলন আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের কৃষিকে আরও উৎপাদনশীল, পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল করতে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া বর্তমানে বিএসপিএসটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।