Nabadhara
ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসিতে মুন্সীগঞ্জে পাসের হার ৫০.৬২%, তিন প্রতিষ্ঠানে সবাই ফেল

মুন্সীগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ৩১, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

এইচএসসি পরীক্ষার ফলাফলে মুন্সীগঞ্জ জেলায় পাসের হার ৫০ দশমিক ৬২ শতাংশ। এ বছর জেলার ছয়টি উপজেলার ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮ হাজার ৬১৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৪ হাজার ৩৬১ জন। অকৃতকার্য হয়েছেন ৪ হাজার ২৫৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫৫ জন। তবে জেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেননি।

 

উপজেলাভিত্তিক ফলাফলে পাসের হারে শীর্ষে রয়েছে লৌহজং উপজেলা। এ উপজেলায় পাসের হার ৬৪ দশমিক ৯১ শতাংশ। অন্যদিকে ৩২ দশমিক ৯৪ শতাংশ পাসের হার নিয়ে সবার নিচে রয়েছে গজারিয়া উপজেলা। জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মুন্সীগঞ্জ সদর।

 

গজারিয়া উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩৪০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১১২ জন। জিপিএ-৫ পেয়েছেন একজন। লৌহজংয়ের চারটি প্রতিষ্ঠানের ৯২৯ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬০৩ জন এবং জিপিএ-৫ পেয়েছেন আটজন।

 

মুন্সীগঞ্জ সদর উপজেলার ছয়টি প্রতিষ্ঠানের ৩ হাজার ১৭১ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৮৩৮ জন। জিপিএ-৫ পেয়েছেন ২৯ জন, যা জেলার মধ্যে সর্বোচ্চ। এ উপজেলায় পাসের হার ৫৭ দশমিক ৯৬ শতাংশ।

 

সিরাজদিখান উপজেলার আটটি প্রতিষ্ঠানের ১ হাজার ৪২ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪৬১ জন। জিপিএ-৫ পেয়েছেন দুজন। পাসের হার ৪৪ দশমিক ২৪ শতাংশ। শ্রীনগরের ছয়টি প্রতিষ্ঠানের ২ হাজার ৪৬৫ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ হাজার ৯০ জন। জিপিএ-৫ পেয়েছেন ১০ জন। পাসের হার ৪৪ দশমিক ২২ শতাংশ।

টঙ্গিবাড়ী উপজেলার তিনটি প্রতিষ্ঠানের ৬৬৮ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৫৭ জন। জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন। এ উপজেলায় পাসের হার ৩৮ দশমিক ৪৭ শতাংশ।

জেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেননি। প্রতিষ্ঠানগুলো হলো—সিরাজদিখান উপজেলার রাজদিয়া অভয় স্কুল অ্যান্ড কলেজ, শ্রীনগর উপজেলার হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজ এবং লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল গার্লস কলেজ।

এর মধ্যে রাজদিয়া অভয় স্কুল অ্যান্ড কলেজ থেকে ১০ জন, হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন এবং মেদিনীমণ্ডল গার্লস কলেজ থেকে দুজন পরীক্ষায় অংশ নেন। তিন প্রতিষ্ঠানের মোট ১৩ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন।

সামগ্রিক ফলাফলে পাসের হারে লৌহজং এবং জিপিএ-৫ প্রাপ্তিতে মুন্সীগঞ্জ সদর এগিয়ে থাকলেও তিনটি প্রতিষ্ঠানের শতভাগ অকৃতকার্য হওয়ার ঘটনা শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।