শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে প্রতিবেশীর বাড়িতে যাওয়ায় এক দিনমজুর নারীর গর্ভবতী ছাগল পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ২৬ অক্টোবর থানায় লিখিত অভিযোগ দিলেও পাঁচ দিনেও ঘটনাস্থলে তদন্তে যাননি সংশ্লিষ্ট কর্মকর্তা। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ফাতিমা খাতুন।
অভিযোগ সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার ইছাকুড় গ্রামের স্বামী পরিত্যক্তা ফাতিমা খাতুনের মা প্রতিবেশী মনির হোসেনের ফসলের ক্ষেতে দিনমজুর হিসেবে কাজ করতেন। কাজের মজুরি চাইলে মনির তাঁকে বারবার ঘোরাতে থাকেন। একপর্যায়ে তাঁকে কাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়। বিষয়টি ফাতিমা স্থানীয় কয়েকজনকে জানালে মনির ক্ষুব্ধ হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এরপর ফাতিমার গর্ভবতী ছাগলটি মনির হোসেনের বাড়িতে গেলে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে সেটিকে হত্যা করা হয় বলে অভিযোগ করেন ফাতিমা। এ ঘটনায় থানায় অভিযোগ করার পর মনির তাঁকে এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দেন এবং এলাকায় থাকলে ক্ষয়ক্ষতি করার ভয় দেখান বলেও অভিযোগ করেছেন তিনি।
ফাতিমার আরও অভিযোগ, এর আগেও মনির একইভাবে প্রতিবেশী মমতাজ ও মরিয়মের ছাগল হত্যা করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
অভিযোগের তদন্ত কর্মকর্তা শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার বলেন, “আমি এখনো তদন্ত করতে যেতে পারিনি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

