Nabadhara
ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪০ লাখ শিক্ষার্থীর জন্য চালু হচ্ছে জেনেটিক কাউন্সেলিং সেবা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
অক্টোবর ৩১, ২০২৬ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর স্বাস্থ্যসেবা, মানসিক সুস্থতা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রতিষ্ঠা করা হচ্ছে ‘ক্যারিয়ার অ্যান্ড ওয়েলবিং সেন্টার’ (সিডব্লিউসি)। এ সেন্টারের মাধ্যমে শিক্ষার্থীদের থ্যালাসেমিয়া পরীক্ষা, জেনেটিক কাউন্সেলিং, মানসিক স্বাস্থ্য পরামর্শ ও কর্মমুখী প্রশিক্ষণ দেওয়া হবে। এ লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ও বায়োটেডের (BioTED) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

গত শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান অবকাঠামো ও অধিভুক্ত কলেজগুলোর নেটওয়ার্ক কাজে লাগিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, মানসিক স্বাস্থ্য পরামর্শ, বাজারের চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ তৈরিতে কাজ করবে সেন্টারটি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এ সময় প্রো-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন এবং ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম উপস্থিত ছিলেন।

বায়োটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ শওগাতুল ইসলাম। অনুষ্ঠানে জেনএক্স হেলথের ব্যবস্থাপনা পরিচালক ড. মুনিয়া আমিনও উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, সেন্টারের মাধ্যমে শিক্ষার্থীদের থ্যালাসেমিয়া পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী গোপনীয় জেনেটিক কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে। পাশাপাশি মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কাউন্সেলিং সেবা এবং প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। এসব সেবায় শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করা হবে।

কর্মসংস্থানের উপযোগী করে তুলতে শিক্ষার্থীদের চারটি বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এগুলো হলো ডিজিটাল সেবা, ব্যবসা ও অর্থায়নসংক্রান্ত কার্যক্রম, ইংরেজি ও কর্মক্ষেত্রে যোগাযোগ এবং কেয়ার ও স্বাস্থ্যসেবা সহায়তা। এসব প্রশিক্ষণ প্রচলিত শিক্ষাক্রমের পরিপূরক হিসেবে পরিচালিত হবে।

এ ছাড়া চাকরির প্রস্তুতির অংশ হিসেবে জীবনবৃত্তান্ত তৈরি, সাক্ষাৎকারের প্রস্তুতি, ব্যবহারিক কাজ ও ইন্টার্নশিপের সুযোগ তৈরি করবে সেন্টারটি। ডিগ্রি শেষ হওয়ার আগেই শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক প্রকল্পে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রশিক্ষণ শেষে নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগ ও চাকরির সুপারিশের ব্যবস্থাও থাকবে।

নারী স্নাতকদের কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দিয়ে তাঁদের জন্য পৃথক কর্মসংস্থান সহায়তা ডেস্ক এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।