জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় চলন্ত এক ইজিবাইক থেকে ছিটকে পড়ে নুরনবী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। ওই ঘটনায় ইজিবাইকের চালকসহ দুইজন গুরুত্বর আহত হয়েছে। একজনের ডান পা শরীর থেকে আলাদা হয়েছে। পথচারীরা তাদের উদ্ধার কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক দুইজনের অবস্থা বেগতিক বুঝে তাদের দুইজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে। ওই ঘটনায় চালক নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক খাদে ফেলে পালিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ থানায় নিয়ে আসে এবং ট্রাক নজরে রেখেছে। এ ঘটনা আজ শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৬ টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই উপজেলার পুনট কোল্ড স্টোরেজের সামনে ঘটেছে।
নিহত নুরনবী কালাই উপজেলার পুনট ইউনিয়নের আফলাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। আহতরা হলেন একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ইজিবাইক চালক এনামুল হক (৬০) ও মো. ইউসুফ আলীর ছেলে সোহরাব আলী (৫৫)। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম।
প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, কাজ সেরে রাতে কালাই থেকে একই গ্রামের এনামুল হকের ইজিবাইক যোগে বাড়ি ফিরছিলেন নুরনবী ও সোহরাব আলী। পথিমধ্যে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই উপজেলার পুনট কোল্ড স্টোরেজের সামনে পৌছামাত্র সামনের দিক থেকে আসা মালবোঝাই একটি ট্রাক এসে ইজিবাইককে সাইট দিয়ে পার হতে গিয়ে ট্রাকের পিছন দিয়ে ধাক্কা মারলে ইজিবাইকের চালক ও যাত্রীরা পাকা সড়কের উপর ছিটকে পড়ে যায়। এসময় ট্রাকের পিছন চাকায় পৃষ্ট হয়ে নুরনবী মারা যায়। এবং ইজিবাইক চালক এনামুলের পা শরীর থেকে আলাদা হয় ও আরেক যাত্রী সোহরাব আলী গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
নিহত ও আহতের বিষয় নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে। ট্রাক খাদেই রয়েছে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারি পালিয়ে গেছে।

