Nabadhara
ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সারাদেশে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং সফল সমবায়ী ও সমবায় সমিতির প্রতিনিধিদের সম্মাননা প্রদানের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে বরিশালের গৌরনদী, সিরাজগঞ্জের চৌহালী, রাজশাহীর চারঘাট, রংপুরের কাউনিয়া, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, গোপালগঞ্জের কোটালীপাড়া, ময়মনসিংহের নান্দাইল এবং নওগাঁর মান্দায় পৃথক কর্মসূচি পালিত হয়েছে।

গৌরনদীতে উপজেলা সমবায় কর্মকর্তা লতিফা আকতারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। অনুষ্ঠানে বিভিন্ন সমবায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। শেষে সফল সমবায়ীদের পুরস্কার দেওয়া হয়।

সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা, দারিদ্র্য বিমোচন ও স্বনির্ভর সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন বক্তারা।

রাজশাহীর চারঘাটে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। তিনি বলেন, সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয় ও বিনিয়োগ কাজে লাগিয়ে সাধারণ মানুষকে স্বাবলম্বী করা সম্ভব। এ জন্য সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে পরিচালনা করতে হবে। সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সমিতির প্রতিনিধিদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

রংপুরের কাউনিয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পালের সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সমবায়ী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। অনুষ্ঠানে জাতীয় পদকপ্রাপ্ত সমবায়ী রেনুবালাসহ সফল সমবায়ী ও সমবায় সমিতিগুলোকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা সমবায় কর্মকর্তা মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন। সভায় উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, থানার তদন্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলামসহ বিভিন্ন সমবায়ী ও সাংবাদিক নেতারা বক্তব্য দেন। এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সমবায় পতাকা উত্তোলন করা হয়।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীনের সভাপতিত্বে আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সমবায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ ও সফল সমবায় সমিতি এবং সমবায়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা সমবায় কর্মকর্তা সাবিরা খানের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেকসহ স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিক নেতারা। বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সমবায়ের গুরুত্ব তুলে ধরেন।

অন্যদিকে, নওগাঁর মান্দায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। তিনি সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে পরিচালনার আহ্বান জানান। পাশাপাশি সদস্যদের স্বার্থ রক্ষা এবং সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিটি কর্মসূচিতে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির সদস্য, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।