গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে প্রতিষ্ঠানের চার লাখ টাকা ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে মো. মহিউদ্দিন তালুকদার নামে এক পেট্রোলপাম্প কর্মচারী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার ব্যবহৃত মোটরসাইকেল উপজেলা পরিষদের দক্ষিণ পাশে সাহা বাড়িসংলগ্ন একটি জঙ্গলের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে মঙ্গলবার পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জাহিদ হোসেন জানান, সোমবার (৯ নভেম্বর) বেলা ৩টার দিকে আশোকাঠী ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী মহিউদ্দিন তালুকদার প্রতিষ্ঠানের চার লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হন। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে উপজেলা পরিষদের দক্ষিণ পাশে সাহা বাড়িসংলগ্ন জঙ্গলের পাশ থেকে মোটরসাইকেলটি পাওয়া যায়। এ ঘটনায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
মহিউদ্দিন তালুকদার আশোকাঠী ফিলিং স্টেশনের একজন দায়িত্বশীল কর্মচারী ছিলেন। তার আকস্মিক নিখোঁজের ঘটনায় পরিবার ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, নিখোঁজ কর্মচারীকে উদ্ধার এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত ও অভিযান চলছে।

