নওগাঁ প্রতিনিধি
নওগাঁ শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে আল বারাকা পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁ জেলা ছাত্রলীগের সহসভাপতি একরামুল বারী ডলার (২৬), মো. শাহানুর নেওয়াজ লিখন (২৮) এবং শহরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. শিশির (৫৫)। মঙ্গলবার সন্ধ্যায় শহরের সোনারপট্টি এলাকা থেকে শিশিরকে এবং অন্য দুজনকে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে পাশাপাশি দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাস দুটির প্রায় সবকিছু পুড়ে যায়। শুধু লোহার কাঠামো অবশিষ্ট ছিল। এ ঘটনায় কেউ হতাহত হননি।
বাসের মালিক মো. সাগির আহমেদ জানান, দুটি বাসের প্রতিটির ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ থেকে ১৬ লাখ টাকা। সব মিলিয়ে প্রায় ৩০ থেকে ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাস দুটি মেরামত করে পুনরায় সড়কে চালু করতে দুই থেকে তিন মাস সময় লাগতে পারে।
অগ্নিকাণ্ডের পর বাস মালিক ও স্থানীয় বাসিন্দারা পরিকল্পিতভাবে আগুন দেওয়ার অভিযোগ করেন। তবে ঘটনার পর পুলিশের প্রাথমিক ধারণা ছিল, কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। প্রকৃত কারণ উদ্ঘাটনে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে পুলিশ।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ ও মামলার তদন্ত চলছে। বুধবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হবে।

