ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সালথায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এ এস এম ফেরদাউসকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের থানা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফেরদাউস সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মতিয়ার বিশ্বাসের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ফেরদাউস। কিছুদিন ধরে গোপনে নিজ গ্রামে অবস্থান করছিলেন তিনি। মঙ্গলবার দুপুরে রামকান্তপুর থেকে বের হয়ে থানা রোড এলাকায় চলাচলের সময় স্থানীয় লোকজন তাকে শনাক্ত করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
পরিবার সূত্রে জানা গেছে, সরকারি চাকরির প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী কয়েক দিনের মধ্যে সোনালী ব্যাংকের ‘ম্যানেজার’ পদে তার যোগ দেওয়ার কথা ছিল।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ফেরদাউসের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

