Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নিরাপদ গাজীপুর গড়তে পুলিশ-সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পুলিশ কমিশনার আশিক

গাজীপুর প্রতিনিধি
নভেম্বর ১০, ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরকে নিরাপদ, মাদক ও সন্ত্রাসমুক্ত এবং বাসযোগ্য মহানগর হিসেবে গড়ে তুলতে পুলিশ ও সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম।

মঙ্গলবার (১০ নভেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

পুলিশ কমিশনার বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পারস্পরিক আস্থা, সহযোগিতা ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব।

সভায় সাংবাদিকরা গাজীপুর মহানগরের মাদক কারবার, কিশোর গ্যাং, ছিনতাই, চুরি, চাঁদাবাজি, যানজট, শিল্পাঞ্চলের নিরাপত্তা এবং থানায় সাধারণ মানুষের হয়রানির বিষয়গুলো তুলে ধরেন। মাদকের মূল কারবারি ও পৃষ্ঠপোষকদের শনাক্ত, অপরাধপ্রবণ এলাকায় পুলিশি টহল বৃদ্ধি এবং সিসিটিভি নজরদারি জোরদারের পরামর্শ দেন তাঁরা।

এ ছাড়া চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজার, টঙ্গী, জয়দেবপুর, শিববাড়ী ও রাজবাড়ী সড়কের যানজট নিরসনে সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়। শিল্পাঞ্চলে শ্রমিকদের নিরাপত্তা, যৌক্তিক দাবি ও শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সংবেদনশীল থাকার পাশাপাশি নাশকতা ও ভাঙচুরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান সাংবাদিকরা।

থানায় অভিযোগ গ্রহণ, মামলা ও সাধারণ ডায়েরি করার ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে পুলিশের অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান সাংবাদিকরা।

সভায় পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলা হয়, অপরাধ দমন ও জনসচেতনতা তৈরিতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ সহযোগী। কোনো ঘটনা ঘটলে বিভ্রান্তি ও গুজব এড়াতে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে দ্রুত ও সঠিক তথ্য সরবরাহের ব্যবস্থা রাখার প্রস্তাব দেওয়া হয়।

সভায় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. বেলায়েত হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহিদ হোসেন, পুলিশ কমিশনার (সিটিএসবি) মহিউল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আশরাফ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডিআইজি মো. আশিক সাঈদ গত ৮ নভেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২০তম বিসিএসের মাধ্যমে ২০০১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালনের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পূর্ব তিমুরেও দায়িত্ব পালন করেছেন। পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পিপিএম পদক লাভ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।