ফেনী প্রতিনিধি
ফেনীতে রাতের আঁধারে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। ফটকে তালা লাগানোর পাশাপাশি ‘বাংলাদেশ ছাত্রলীগ ঘোষিত ছাত্র ধর্মঘট সফল হোক, সার্থক হোক’ লেখা কাগজও সাঁটিয়ে দেওয়া হয়।
তালাবদ্ধ করা প্রতিষ্ঠানগুলো হলো ফেনী সরকারি কলেজ, ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও ফেনী গিরীশ অক্ষয় একাডেমি (জিএ একাডেমি)। সোমবার (৯ নভেম্বর) রাতে এসব ঘটনা ঘটে। পরে তালা লাগানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদে ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ করেছে ছাত্রদল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরা কয়েকজন ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান ফটকে তালা লাগিয়ে ছাত্র ধর্মঘটের পক্ষে লেখা কাগজ সাঁটিয়ে চলে যাচ্ছেন। কাগজের নিচে ‘ফেনী জেলা ছাত্রলীগ’ লেখা ছিল।
ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, তালা লাগানোর বিষয়টি তিনি অবগত নন। সকালে কলেজের কার্যক্রম শুরুর সময় প্রধান ফটকে এমন কিছু ছিল না। এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের বিষয়ে কলেজ প্রশাসন সচেতন রয়েছে।
ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জাহেদুল কবির বলেন, সকালে দায়িত্বে থাকা ব্যক্তির মাধ্যমে ফটকে তালা লাগানো ও কাগজ ঝুলিয়ে দেওয়ার বিষয়টি জানতে পেরেছেন। পরে পুলিশ এসে তথ্য নিয়েছে। প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করা হবে।
ফেনী গিরীশ অক্ষয় একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেহানা আক্তার জানান, সকালে স্কুলের কার্যক্রম শুরুর সময় এ ধরনের কিছু দেখা যায়নি। সন্ধ্যার পর সাবেক এক শিক্ষার্থীর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে বিষয়টি জানতে পারেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দেখে বিষয়টি পুলিশের নজরে এসেছে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ঘটনায় অভিযোগ করা হয়নি। পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। তবে সেখানে কোনো আলামত পাওয়া যায়নি। এ ধরনের ঘটনা প্রতিরোধে পুলিশের গোয়েন্দা তৎপরতা রয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি পুলিশ পর্যবেক্ষণ করছে।

