শাহীন আহমেদ,ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের চরসেনসাস ইউনিয়নের বালার বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) এম অ্যান্ড এম কর্পোরেশনের আওতায় আনুষ্ঠানিকভাবে এ আউটলেটের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম বালা। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ফরিদপুর জোনের এসভিপি ও হেড অব জোন মো. ইয়াকুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া জোনের ম্যানেজার মো. নুর ইসলাম ও সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা।
অনুষ্ঠানে মোস্তাক আহমেদ মাসুম বালা বলেন, বালার বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট চালু হওয়ায় স্থানীয়দের ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ হবে। গ্রাহক হিসেবে তারা এ প্রতিষ্ঠান থেকে মানসম্মত ও পূর্ণাঙ্গ সেবা প্রত্যাশা করেন।
প্রধান অতিথি মো. ইয়াকুব আলী বলেন, ব্যাংকের শাখা ও এজেন্ট আউটলেটের কার্যক্রমে কিছু পার্থক্য রয়েছে। নতুন এ আউটলেটটি ইসলামী ব্যাংকের প্রতিনিধি হিসেবে নির্ধারিত ব্যাংকিং সেবা প্রদান করবে। এ সময় তিনি এজেন্ট ব্যাংকিংয়ের কার্যক্রম ও বিভিন্ন দিক তুলে ধরেন।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা দিয়ে আসছে। বালার বাজারে নতুন এজেন্ট আউটলেট চালুর ফলে স্থানীয় গ্রাহকদের পাশাপাশি আশপাশের এলাকার মানুষের ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ হবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

