নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিলে নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় মোহাম্মদ রাসেল (২৭) নামে এক শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানখালী গ্রামের চৌকিদার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাসেল উপজেলার সিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে। তিনি চাটখিল উপজেলা শ্রমিকদলের সাবেক সদস্য এবং নোয়াখলা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেলের সঙ্গে স্ত্রী মুক্তা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। একপর্যায়ে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সন্তান দুটি বাবার সঙ্গে থাকত। গত ৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে সংসার করার প্রলোভন দেখিয়ে স্ত্রী মুক্তা বেগম ও শালিকা রতনা রাসেলকে শ্বশুরবাড়িতে ডেকে নেন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় ৭ নভেম্বর রাসেলের বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বুধবার রাতে চাটখিল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান রানার নেতৃত্বে শ্রমিকদলের নেতারা থানায় গিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে রাসেলের শ্বশুরবাড়িতে যান। পরে দিবাগত রাত ২টার দিকে বাড়ির একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে দুর্গন্ধ পেয়ে সন্দেহ হলে সেখানে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহ দেখতে পান তাঁরা। মরদেহটি পুরোনো লেপ-তোশক দিয়ে ঢেকে রাখা হয়েছিল। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে একটি লোহার রড উদ্ধার করেছে পুলিশ।
নিহতের বাবা সিরাজুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, রাসেলের শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় তাঁর মরদেহের সন্ধান পাওয়া যায়। বৃহস্পতিবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ঘটনায় শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

