ফেনী প্রতিনিধি
কাতারে উটের আঘাতে নিহত ফেনীর সোনাগাজীর প্রবাসী নুর করিম মাসুদের (৪০) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় চরচান্দিয়া জিন্নত আলী জামে মসজিদের সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নুর করিম মাসুদ সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ-পূর্ব চরচান্দিয়া গ্রামের শামসুল হকের ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জীবিকার তাগিদে আট বছর আগে কাতারে যান তিনি। সেখানে একটি কোম্পানির অধীনে শিশু পার্কে কাজ করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ সেপ্টেম্বর ওই পার্কে একটি উটের আঘাতে মাথা ও বুকে গুরুতর আহত হন মাসুদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাতারের একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ নভেম্বর তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করেন স্বজনরা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের আহাজারিতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

