পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
প্রায় ৩০ বছর পর গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সরকার নিক্সন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবদলের সদস্যসচিব রাজু মিয়া পেয়েছেন ১৯ ভোট। নির্বাচনে ৫৪ জন ভোটারের মধ্যে ৫৩ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। ব্যবস্থাপনা কমিটির আটটি পদের মধ্যে সাতটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হন। শুধু সভাপতি পদে সমঝোতা না হওয়ায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আওতাধীন এ নির্বাচনে উপজেলা বিআরডিবি কর্মকর্তা আব্দুল মান্নানের উদ্যোগে প্রায় তিন দশক পর ভোটের আয়োজন করা হয়। পলাশবাড়ী উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে থানা পুলিশ।

