Nabadhara
ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ, স্মরণে শোকযাত্রা ও দোয়া

ঝালকাঠি প্রতিনিধি
নভেম্বর ১৪, ২০২৬ ১০:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আত্মঘাতী বোমা হামলায় দুই বিচারক হত্যার ২১ বছর পূর্ণ হলো আজ। ২০০৫ সালের ১৪ নভেম্বর কর্মস্থলে যাওয়ার পথে বোমা হামলায় নিহত হন সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ে।

দিবসটি উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) সকালে শোকযাত্রা, স্মরণসভা, দোয়া ও মিলাদের আয়োজন করে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত।

সকাল সাড়ে ৮টায় আদালত চত্বর থেকে শোকযাত্রা বের করা হয়। শোকযাত্রাটি নিহত দুই বিচারকের স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমেনা। এ সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ শরীফ মোহাম্মদ সানাউল হক, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব আলম, পারিবারিক আপিল আদালতের জেলা ও দায়রা জজ মুহাম্মদ জাকারিয়াসহ বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক মো. বশির গাজী, অতিরিক্ত পুলিশ সুপার বায়েজিদ ইবনে আকবর, সরকারি কৌঁসুলি মাহেব আলম ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

পরে আদালত চত্বরের শহীদ সোহেল-জগন্নাথ মঞ্চে স্মরণসভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমেনার সভাপতিত্বে সভা শেষে নিহত দুই বিচারকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

২০০৫ সালের ১৪ নভেম্বর সকাল ৯টার দিকে সরকারি বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুই বিচারককে বহনকারী মাইক্রোবাসে বোমা হামলা চালায় জেএমবি সদস্যরা। এতে ঘটনাস্থলেই নিহত হন বিচারক সোহেল আহম্মেদ। গুরুতর আহত বিচারক জগন্নাথ পাঁড়ের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। হামলায় মাইক্রোবাসটি বিধ্বস্ত হয়। আহত অবস্থায় আটক হন হামলাকারী জেএমবি সদস্য ইফতেখার হাসান আল মামুন।

এ ঘটনায় দায়ের করা মামলায় ২০০৬ সালের ২৯ মে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদ সাতজনকে মৃত্যুদণ্ড দেন। উচ্চ আদালতে রায় বহাল থাকার পর ২০০৭ সালের ২৯ মার্চ দেশের বিভিন্ন কারাগারে জেএমবির ছয় শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলাভাই, সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, উত্তরাঞ্চলীয় সমন্বয়কারী আবদুল আউয়াল, দক্ষিণাঞ্চলীয় সমন্বয়কারী খালেদ সাইফুল্লাহ ও হামলাকারী ইফতেখার হাসান আল মামুন।

পরে ২০১৬ সালের ১৬ অক্টোবর খুলনা কারাগারে কার্যকর করা হয় আরেক দণ্ডপ্রাপ্ত জঙ্গি আসাদুল ইসলাম আরিফের মৃত্যুদণ্ড।

দুই বিচারক হত্যার এই ঘটনা দেশের বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গভীর আলোড়ন সৃষ্টি করেছিল। ২১ বছর পেরিয়ে গেলেও গভীর শ্রদ্ধা ও বেদনায় স্মরণ করা হচ্ছে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো দুই বিচারককে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।