উজ্জ্বল রহমান, ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম বিক্রি ও বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আলী আজগর ফকির ও আব্দুর রহিম রফিক সরদার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সেক্রেটারি পদে ফরম সংগ্রহ করেছেন আনিসুর রহমান তাপু। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ছয়জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাঁরা হলেন সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের, অ্যাডভোকেট মিজানুর রহমান, মোহাম্মদ আনিসুজ্জামান চপল, অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, এনামুল হক সাজু ও ইয়াসির আরাফাত মিঠু।
কার্যনির্বাহী সদস্য প্রার্থী সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের বলেন, নির্বাচন ঘিরে সদস্যদের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে, তা ইতিবাচক। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. নাসিমুল হাসান বলেন, নির্বাচন বিধিমালা ও নির্ধারিত সময়সূচি অনুসরণ করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়ন ফরম বিতরণ, জমাদান ও যাচাই-বাছাইসহ সব নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে।

