আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মোস্তাকিম (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন জিহাদ হোসেন (২৩) নামে আরেক তরুণ।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর ও কামালকাটি গ্রামের মাঝামাঝি তালতলা নামের একটি ঘেরের পাশে পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ইমনের বরাতে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের মোমিন আলীর ছেলে মোস্তাকিম তাঁর বন্ধু কৈখালী গ্রামের আব্দুল গফ্ফারের ছেলে জিহাদ ও ইমনকে নিয়ে মোটরসাইকেলে আশাশুনির শোভনালী এলাকায় ঘুরতে আসেন। তাঁরা বিভিন্ন স্থানে ভিডিও ধারণ করছিলেন।
ঘটনার সময় ইমনকে সড়কে নামিয়ে দিয়ে জিহাদ মোটরসাইকেল চালাতে থাকেন। আর মোস্তাকিম মোটরসাইকেলের পেছনে উল্টো দিকে ঘুরে বসে রাস্তা ও গাছের দৃশ্য ধারণের পাশাপাশি টিকটকের অভিনয় করছিলেন। একপর্যায়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাবলা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মোস্তাকিমের মৃত্যু হয়।
খবর পেয়ে আশাশুনি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত জিহাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিহতের মরদেহ তাঁর বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

