Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুটি বন্ধ; ম্যানেজারের কারাদণ্ড

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
নভেম্বর ১৭, ২০২৬ ১০:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুটি ইটভাটা বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পূর্বে বন্ধ ঘোষিত ইটভাটা পুনরায় চালু করার অপরাধে একটি ইটভাটার ম্যানেজারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা সদরের জাঙ্গালিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদমান আকিফ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম।

অভিযানকালে জাঙ্গালিয়া এলাকার নাভা ব্রিক ফিল্ড ও নদী ব্রিক ফিল্ডে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। ইটভাটা পরিচালনার প্রয়োজনীয় লাইসেন্স না থাকা, অনুমতি ছাড়া মাটি কাটা, কয়লার পরিবর্তে কাঠ ও গাছের গুঁড়ি দিয়ে ইট পোড়ানো, কৃষিজমি নষ্ট করে ভাটা স্থাপন এবং জনবসতির কাছাকাছি ইটভাটা পরিচালনার অভিযোগে ভাটা দুটি বন্ধ ঘোষণা করা হয়। এ সময় পানি দিয়ে ভাটার চুল্লির আগুন নিভিয়ে দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, এর আগেও গত মাসে ভ্রাম্যমাণ আদালত পৃথকভাবে ভাটা দুটিকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করেছিলেন। এরপরও একই ধরনের অনিয়ম অব্যাহত থাকায় এবার ভাটাগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়।

এদিকে একই এলাকার সীমান্ত ব্রিক ফিল্ড পূর্বে জরিমানা ও বন্ধের নির্দেশ পাওয়ার পরও অনুমোদন ছাড়াই পুনরায় চালু করা হয়। এ অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৪ ধারায় ভাটাটির ম্যানেজারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে মোট তিনটি মামলায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে দুটি ইটভাটা বন্ধ এবং একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, মাগুরার কর্মকর্তা-কর্মচারী, মহম্মদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষা, কৃষিজমি সংরক্ষণ ও জনস্বাস্থ্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।