কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, ভারতীয় মদ, বিভিন্ন ধরনের ট্যাবলেট ও পাতার বিড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়কের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চিলমারী বিওপির টহল দল সীমান্তের মরারপাড়া কবরস্থানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ, ৭১০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫৪০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৩৫৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।
এ ছাড়া সোমবার বিকেল ৫টার দিকে তেঁতুলবাড়ি বিওপির টহল দল তেঁতুলবাড়ি হাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করে। একই দিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে শুভরাজপুর বিওপির টহল দল শুভরাজপুর মাঠে অভিযান চালিয়ে সাত বোতল ভারতীয় মদ ও ৬০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে।
বিজিবি জানায়, পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও অন্যান্য চোরাচালান পণ্যের আনুমানিক জব্দমূল্য ৫ লাখ ৫৯ হাজার ১২৫ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে ৪৭ বিজিবি সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

