মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে পুকুরের পানিতে ডুবে বাধন কুন্ডু নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মহম্মদপুর সদর এলাকার কুন্ডুপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত বাধন কুন্ডু ওই এলাকার বিশ্বজিৎ কুন্ডুর ছেলে। পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের মিজানুর রহমান কাবুল মিয়ার পারিবারিক পুকুরে পড়ে যায় শিশুটি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে উদ্ধার করেন স্বজনেরা। দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুচি মণ্ডল জানান, সকাল সাড়ে ১১টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহম্মেদ জানান, পুলিশের একজন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জেনেছেন। প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলে জানা গেছে।
পাঁচ বছর বয়সী শিশুটির এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

