নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর মাইজদী শহরের প্রাণকেন্দ্রে সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতি লিমিটেড ও এইচ.কে বিল্ডার্স নামের একটি ডেভেলপার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সাত তলা ভবন নির্মাণের অনুমোদন থাকলেও ১০ তলা ভবনের উপযোগী করে নির্মাণকাজ চালানোর অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, ভবনের নির্মাণকাজ শেষ হওয়ার আগেই অধিকাংশ রুম চড়া দামে বিক্রি করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সমিতির নামে বন্দোবস্ত দেওয়া খাসজমির সীমানা অতিক্রম করে গণপূর্ত বিভাগের সরকারি জমির একটি অংশ দখলে নিয়ে ভবন নির্মাণ করা হচ্ছে। এ নিয়ে চান্দিনা ভিটি মালিকদের সঙ্গে বিরোধ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে পৌরসভা, জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা যায়, মাইজদী শহরের ফ্ল্যাট রোডের পূর্ব পাশে নির্মাণাধীন ভবনটিতে এইচ.কে বিল্ডার্সের সাইনবোর্ড রয়েছে। সেখানে ১০ তলা ভবনের উপযোগী করে দুই তলা বেজমেন্ট নির্মাণের কাজ চলছে। অথচ নোয়াখালী পৌরসভা থেকে ৭৫ ফুট উচ্চতার সাত তলা ভবনের অনুমোদন দেওয়া হয়েছিল।
নোয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. বেলাল আহম্মেদ খান বলেন, সমিতিকে সাত তলা ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু অনুমোদিত নকশা পরিবর্তন করে ১০ তলা ভবন নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এ কারণে পৌরসভা থেকে একাধিকবার নোটিশ দিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করে কাজ চালালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, নির্মাণাধীন ভবনের রুম বিক্রি নিয়েও প্রশ্ন উঠেছে। মার্কেটের একাধিক ক্ষুদ্র ব্যবসায়ীর দাবি, সমিতির নেতারা এইচ.কে বিল্ডার্সের সঙ্গে চুক্তি করে ভবন নির্মাণ করছেন। কিন্তু ভবনের অনুমোদন ও জমির সীমানা নিয়ে বিরোধ চলার মধ্যেই অধিকাংশ রুম বাইরের ব্যক্তিদের কাছে চড়া দামে বিক্রি করা হচ্ছে। ডেভেলপার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হাসান খান ও সমিতির কয়েকজন নেতা এ কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ তাদের।
ব্যবসায়ীদের দাবি, সমিতির নামে বন্দোবস্ত দেওয়া সরকারি খাসজমি ২০৪০ সালের আগে বিক্রি বা হস্তান্তরের সুযোগ নেই। ফলে ওই জমিতে নির্মিতব্য দোকান বা রুম বিক্রির বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে।
সমিতির ইতিহাস অনুযায়ী, ১৯৭৭ সালে ২৪ জন হকারের উদ্যোগে ফ্ল্যাট রোডের পূর্ব পাশে হকার্স মার্কেটের যাত্রা শুরু হয়। পরে ১৯৮৫ সালের ১৫ মার্চ ‘নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতি লিমিটেড’ নামে প্রতিষ্ঠানটি নিবন্ধন পায়। ১৯৯০ সালে জেলা প্রশাসনের পক্ষ থেকে সমিতির নামে এক একর খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়।
বর্তমানে সমিতির ২৪০টি রুমের বিপরীতে সদস্য সংখ্যা ২৩৪ জন। তবে প্রকৃত হকারদের হাতে অধিকাংশ দোকানের নিয়ন্ত্রণ নেই বলে অভিযোগ স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের। তাদের ভাষ্য, যাদের জন্য মার্কেটটি প্রতিষ্ঠা করা হয়েছিল, সেই হকারদের অনেকেই এখনো ফুটপাতে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন। অন্যদিকে মার্কেটের দোকানগুলো প্রভাবশালী ও বিত্তবানদের নিয়ন্ত্রণে চলে গেছে।
নির্মাণাধীন ভবনের জমির সীমানা নিয়ে আপত্তি জানিয়েছেন মাইজদী চান্দিনা ভিটি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মফিজ উল্যাহ ও কোষাধ্যক্ষ সাইদ উল হাসান। তারা অভিযোগ করেন, সমিতির নামে বন্দোবস্ত দেওয়া জমির দলিলের চৌহদ্দি অতিক্রম করে গণপূর্ত বিভাগের সরকারি জমির প্রায় ৫০ শতাংশ দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে। ফ্ল্যাট রোড থেকে প্রায় ৩০ ফুট জায়গা ছেড়ে পূর্ব দিকে ভবন নির্মাণের কাজ চলছে বলেও দাবি তাদের।
তারা বলেন, সরকারি জমির সীমানা নির্ধারণ করে জরিপ করা হলে প্রকৃত চিত্র বেরিয়ে আসবে। এ বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে বলেও দাবি করেন তারা। তবে নিষেধাজ্ঞার বিষয়ে সংশ্লিষ্ট আদালতের নথি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে, ভবনের বেজমেন্ট নির্মাণের জন্য গভীরভাবে মাটি খননের কারণে আশপাশের স্থাপনা ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের দাবি, পাশের কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে এবং কিছু ভবন হেলে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দ্রুত নির্মাণকাজের নিরাপত্তা পরীক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
অভিযোগের বিষয়ে নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক শরীফ উল্লাহ সুমন বলেন, তারা নিজেদের বন্দোবস্তকৃত জমিতে মার্কেটের ভবন নির্মাণ করছেন। একটি পক্ষ তাদের মার্কেটের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সাত তলা ভবন নির্মাণের অনুমোদন পাওয়ার কথা স্বীকার করে তিনি জানান, ১০ তলা ভবনের নকশা অনুমোদনের জন্য পৌরসভায় আবেদন জমা দিয়েছেন।
তবে ১০ তলা ভবনের অনুমোদন পাওয়ার আগেই কেন সেই নকশা অনুযায়ী নির্মাণকাজ চলছে, সে বিষয়ে তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
এইচ.কে বিল্ডার্সের স্বত্বাধিকারী হাসান খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে যোগাযোগ করা হলে বদলিজনিত কারণে তাকে পাওয়া যায়নি। পরে উপবিভাগীয় প্রকৌশলী-১ জানান, নতুন নির্বাহী প্রকৌশলী যোগদানের পর বিষয়টি খোঁজখবর নিয়ে মন্তব্য জানানো হবে।
নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। তবে তিনি জানান, ১০ তলা ভবনের অনুমোদন তিনি দেবেন না। জমি দখলের বিষয়টি গণপূর্ত বিভাগ এবং ভবনের অনুমোদন ও বৈধতার বিষয়টি পৌরসভা দেখবে।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, সরকারি জমির সীমানা অতিক্রম, অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ এবং নির্মাণাধীন ভবনের রুম বিক্রির অভিযোগের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। একই সঙ্গে জমির মূল দলিল, বন্দোবস্তের শর্ত, ডেভেলপমেন্ট চুক্তি, রুম বিক্রির কাগজপত্র ও অর্থ লেনদেনের তথ্য যাচাইয়ের দাবি জানিয়েছেন তারা।
সরকারি জমির সঠিক সীমানা নির্ধারণ, ভবনের কাঠামোগত নিরাপত্তা পরীক্ষা এবং অনুমোদনবহির্ভূত নির্মাণকাজের বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা।

