Nabadhara
ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, সংঘর্ষে পুলিশ-আনসারের ১০ সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নভেম্বর ২৫, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

নতুন মজুরি নির্ধারণের পরও গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তাঁরা। এতে পুলিশ ও আনসার ব্যাটালিয়নের ১০ সদস্য আহত হয়েছেন।

বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাঁদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করে। কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করে শ্রমিকরা সংঘর্ষে জড়ান। এ সময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে পুলিশ ও আনসারের ১০ সদস্য আহত হন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সংঘর্ষে সদর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোশারফ হোসেন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে এসআই মঞ্জুরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। এএসআই মোশারফ হোসেনসহ অন্য দুইজনকে গাজীপুরের ওই হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত অন্য সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশের একটি সূত্র জানায়, এসআই মঞ্জুরুল ইসলামের চোখে গুরুতর আঘাত লেগেছে। এএসআই মোশারফ হোসেনের একটি হাত ভেঙে গেছে।

এদিকে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। এতে মহাসড়ক দুটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

গাজীপুর শিল্প পুলিশ জানায়, সকাল থেকে শিল্পাঞ্চলের অধিকাংশ এলাকার পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে ভোগড়া ও নাওজোড় এলাকায় শ্রমিকদের বিক্ষোভে কিছুটা সমস্যা সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।