গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রেমের সম্পর্কের সূত্র ধরে ভারতের গুজরাট থেকে বরিশালের গৌরনদীতে এসেছেন সোরঠিয়া ফাইজানশাহ ওরফে হামজা (২০) নামের এক তরুণ। পরে পরিবারের উদ্যোগে নোটারি পাবলিকের মাধ্যমে গৌরনদীর এক কিশোরীর (১৭) সঙ্গে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে দাবি করা হয়েছে। ভারতীয় নাগরিকের বাংলাদেশে আসা এবং অপ্রাপ্তবয়স্ক কিশোরীর সঙ্গে বিয়ের বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ফাইজান শাহ ভারতের গুজরাট রাজ্যের অমরেলি জেলার রাজুলা এলাকার রেজওয়ান শাহর ছেলে। অন্যদিকে ওই কিশোরী গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
বুধবার (২৫ নভেম্বর) কিশোরীর পরিবারের সদস্যরা জানান, গত ২২ নভেম্বর সকাল সাড়ে ১০টার একটি ফ্লাইটে ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারত থেকে বাংলাদেশে আসেন ফাইজান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিশোরীর মা ও ছোট ভাই তাঁকে গ্রহণ করে বরিশালে নিয়ে আসেন।
পরদিন ২৩ নভেম্বর বরিশালের একজন আইনজীবীর চেম্বারে নোটারি পাবলিকের মাধ্যমে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এ সময় একজন মৌলভীও উপস্থিত ছিলেন বলে পরিবারের সদস্যরা জানান। পরে ফাইজানকে জামাতা হিসেবে বাড়িতে নিয়ে যান তাঁরা।
বুধবার দুপুরে কিশোরীর মা শামীমা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কিশোরী জানায়, দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত তার বড় ভাইয়ের ইনস্টাগ্রাম বন্ধু ফাইজানের সঙ্গে প্রায় দেড় বছর আগে তার পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন মাস আগে দুই পরিবার বিষয়টি জানতে পারে। পরিবারের পক্ষ থেকে নিষেধ করা হলেও তাঁদের যোগাযোগ অব্যাহত ছিল। এর ধারাবাহিকতায় বিয়ের উদ্দেশ্যে ফাইজান বাংলাদেশে আসেন বলে জানায় কিশোরী।
ফাইজান শাহ জানান, তাঁর বাবা গুজরাটের রাজুলা এলাকায় পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত। তিন ভাইয়ের মধ্যে তিনি মেজো। তাঁদের সম্পর্কের বিষয়টি তাঁর পরিবার মেনে নিয়েছে। ছয় মাসের ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন এবং স্ত্রীর সঙ্গে এখানেই থাকতে চান বলে জানান তিনি।
কিশোরীর মা শামীমা আক্তার বলেন, মেয়েকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেও সফল হননি। একপর্যায়ে ভারতীয় তরুণের সঙ্গে মেয়ের বিয়েতে সম্মতি দেন।
স্থানীয় বিএনপি নেতা রাসেল বলেন, একজন ভারতীয় নাগরিক বাংলাদেশে এসে বিয়ে করে এখানে থেকে যেতে চাইছেন—বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ভারতীয় নাগরিকের পরিচয়সহ প্রয়োজনীয় তথ্য থানায় জমা দিতে বলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম বলেন, স্থানীয় গ্রামপুলিশ তাঁকে বিষয়টি জানিয়েছেন। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বাংলাদেশের বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ১৮ বছরের কম বয়সী নারীকে অপ্রাপ্তবয়স্ক হিসেবে গণ্য করা হয়। ফলে ১৭ বছর বয়সী কিশোরীর বিয়ের দাবি নিয়ে আইনগত প্রশ্ন রয়েছে। পাশাপাশি নোটারি পাবলিকের মাধ্যমে সম্পন্ন করা হলফনামা বা ঘোষণাই বিয়ের আইনগত নিবন্ধনের বিকল্প নয়। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা।

