ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক কামান্না দিবস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কামান্না গ্রামে শহীদ ২৭ বীর মুক্তিযোদ্ধার স্মরণে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নানা কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কামান্না ২৭ শহীদের মাজার ও স্মৃতিসৌধে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, শহীদ পরিবারের সদস্য ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দুপুর ১২টায় শহীদদের মাজারসংলগ্ন প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
এ ছাড়া বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবুর ফিরোজ এবং ১০ নম্বর বগুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাকিবুল হাসান খান দিপু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হাসান।

