কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় গড়াই নদীর বালুমহাল নিয়ে বিরোধের জেরে জামায়াত নেতার অফিস ও বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলি ছোড়ার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে বিএনপি।
বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে শহর জামায়াতের ইউনিট সদস্য মো. শাহজাহানের অফিস ও বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তলের পাঁচ রাউন্ড গুলি ও সাতটি গুলির খোসা উদ্ধার করে। হামলায় আহত পাঁচজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জামায়াত নেতা মো. শাহজাহানের দাবি, গড়াই নদীর বালুমহাল থেকে বালুবাহী ট্রাক চলাচলের কারণে এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ বিষয়ে সম্প্রতি কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা ঘটনাস্থল পরিদর্শন করে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন। এরপর জামায়াতের নেতাকর্মীরা রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করেন। এর জের ধরেই তাঁর বাড়ি ও অফিসে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, জামায়াত নেতা শাহজাহান আগে বালুমহাল থেকে প্রতিদিন ৫০ হাজার টাকা করে চাঁদা নিতেন। এখন সেই টাকা বাড়িয়ে এক লাখ টাকা দাবি করছেন। চাঁদা না পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তিনি হামলার নাটক সাজিয়েছেন বলেও পাল্টা অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীরা।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। হামলার ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

