বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে মিল্ক ভিটা গ্রুপের চেয়ারম্যান এসএম আমির হামজা সাতিলের বসতবাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।
পুলিশ সুপার জানান, গত ১৮ নভেম্বর রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামে মিল্ক ভিটা চেয়ারম্যানের দুইতলা বসতবাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ ঘটনায় পরদিন ১৯ নভেম্বর ফকিরহাট মডেল থানায় মামলা করা হয়।
ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা জড়িত থাকার তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও জেলা পুলিশের একটি দল তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় কর্মী বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শরিফুল ইসলাম শামীম, মাহমুদুল নবী ও মেহেদী হাসান রাসেল। তাঁদের মধ্যে একজন খুলনার লবণচরা, একজন বাগেরহাট সদর এবং অন্যজন ফকিরহাট এলাকার বাসিন্দা।
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ঘটনার ধারণকৃত ভিডিও সংবলিত একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ঘটনায় ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি হোন্ডা ড্রিম ১১০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।

