Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাতে সীমান্ত দিয়ে আসে ভারতীয় গরু, দিনে হাটের রসিদে বৈধতা!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ ও শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে ভারতীয় গরু। অভিযোগ উঠেছে, রাতের আঁধারে সীমান্ত পেরিয়ে আসা এসব গরু দিনের বেলায় স্থানীয় গরুর হাটের রসিদ ব্যবহার করে বৈধতা দেওয়া হচ্ছে। পরে এসব গরু সরবরাহ করা হচ্ছে বিভিন্ন এলাকার ব্যবসায়ী ও কসাইদের কাছে। এতে দেশীয় গরুর খামারিরা ক্ষতির আশঙ্কা করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বকশীগঞ্জের বৈষ্ণবপাড়া, লাউচাপড়া, টিলাপাড়া, দিগলাকোনা, সাতানীপাড়া এবং শ্রীবরদীর কর্ণঝোড়া ও মেঘাদলসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে গরু, মাদক ও প্রসাধনী পণ্য পাচারের অভিযোগ রয়েছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও চোরাচালান চক্রের সহায়তায় এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

স্থানীয়দের দাবি, রাত ১০টার পর সীমান্তবর্তী পাহাড়ি গ্রামগুলোতে চোরাকারবারীদের তৎপরতা বেড়ে যায়। তাদের ভাষ্যমতে, প্রতিরাতে গারো পাহাড়সংলগ্ন সীমান্ত দিয়ে ২০০ থেকে ২৫০টি ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ করে। পরে বিভিন্ন কৌশলে এসব গরু দেশের অভ্যন্তরে সরবরাহ করা হয়।

অনুসন্ধানে জানা গেছে, ভারতের আমবাদি, পুরা কাশিয়া ও গারোবাদি বাজারে শনিবার ও মঙ্গলবার সাপ্তাহিক হাট বসে। এসব হাট থেকে গরু কিনে সীমান্ত এলাকায় জড়ো করেন ভারতীয় চোরাকারবারীরা। পরে বাংলাদেশি চক্রের মাধ্যমে গরু সীমান্ত পার করা হয়। অন্যদিকে বাংলাদেশ সীমান্তের কর্ণঝোড়া বাজারে বুধবার গরুর হাট বসে। অভিযোগ রয়েছে, ওই হাটের রসিদ ব্যবহার করে সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা গরুগুলো দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়।

এ ছাড়া কর্ণঝোড়া, লাউচাপড়া ও মেঘাদল বাজারের বিভিন্ন দোকান থেকে প্রতিদিনই এসব গরুর রসিদ সরবরাহ করা হয় বলে স্থানীয় সূত্রের দাবি। হাটের ইজারাদার ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগসাজশে অবৈধভাবে আসা গরু বৈধ দেখানোর অভিযোগও রয়েছে।

সম্প্রতি বকশীগঞ্জ সীমান্তের লাউচাপড়া এলাকা থেকে আটটি ভারতীয় গরু আটক করা হয়। পরে প্রায় আট ঘণ্টা পর কর্ণঝোড়া বাজারের রসিদ দেখিয়ে বকশীগঞ্জ থানা থেকে গরুগুলো ছাড়িয়ে নেওয়া হয় বলে জানা গেছে। বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায়ও আলোচনার জন্ম দেয়।

নাম প্রকাশ না করার শর্তে লাউচাপড়া এলাকার এক সচেতন ব্যক্তি বলেন, ভারতীয় গরু পাচারের সঙ্গে প্রভাবশালী ব্যক্তিরা জড়িত থাকায় এটি বন্ধ করা কঠিন হয়ে পড়েছে। অবৈধভাবে আনা গরু ভুয়া রসিদের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। এতে দেশীয় খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হাটের স্লিপ প্রশাসনের স্বাক্ষরযুক্ত করার ব্যবস্থা করা হলে গরু পাচার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

তবে কর্ণঝোড়া গরুর হাটের ইজারাদার আবদুর রাজ্জাক লিটন এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, হাটে গরু কেনাবেচা হয়। কোনো চোরাকারবারীকে রসিদ দেওয়া হয় না।

এ বিষয়ে ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়জিদ বলেন, মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি কাজ করছে। প্রতিদিনই অবৈধ মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িতদের কঠোর হাতে দমন করা হবে।

সীমান্ত দিয়ে অবৈধ গরু প্রবেশ ও হাটের রসিদ ব্যবহার করে সেগুলো বৈধ করার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের আরও নজরদারি ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।