কালকিনি-ডাসার প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে জাল টাকাসহ মো. ইয়াছিন বেপারী (২১) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
বৃহস্পতিবার দুপুরে কালকিনি পৌর এলাকার জুরগাঁও বাজারে এ ঘটনা ঘটে। আটক ইয়াছিন বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মো. মোতালেব বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুরগাঁও বাজারের একটি দোকান থেকে ওষুধ কেনার সময় ইয়াছিন একটি জাল নোট দেন বলে অভিযোগ ওঠে। পরে তাঁর কাছে তল্লাশি চালিয়ে এক হাজার ও ৫০০ টাকা মূল্যমানের দুটি জাল নোট পাওয়া যায়। এ সময় তাঁর সঙ্গে থাকা জাল টাকার আরেক ব্যবসায়ী পালিয়ে গেছেন বলে দাবি করেন ইয়াছিন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।
এ ঘটনায় স্থানীয় এক ব্যবসায়ী বাদী হয়ে কালকিনি থানায় মামলা করেছেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, জাল টাকাসহ এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় লোকজন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

