দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে নানা আয়োজনে দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় দুর্গাপুর উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুম রঙিন বেলুন ও ব্যানারে সাজানো হয়। দুর্গাপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের স্টাফ রিপোর্টার জাকির হোসেন বাবলু এবং উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলামের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। দৈনিক কালবেলার দুর্গাপুর প্রতিনিধি রাজু আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম মণ্ডল।
অনুষ্ঠানে বক্তারা পত্রিকাটির প্রথম বর্ষপূর্তিতে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান। পাশাপাশি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে মানুষের কথা তুলে ধরতে পত্রিকাটির প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগের জোন ইনচার্জ শাহাদাত হোসাইন, দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টু, উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক গোলাম মর্তুজা, উপজেলা বিএনপির সদস্য জারজিস হোসেন সোহেল, জেলা যুবদলের সদস্য রেন্টু ও উপজেলা যুবদলের সদস্য রাকিবুল ইসলাম।
এ ছাড়া দুর্গাপুর প্রেস ক্লাবের সভাপতি কুরবান আলী, সাংগঠনিক সম্পাদক মুন্না ইসলাম আগুন, সাংবাদিক ফয়সাল মাহমুদ আকাশ, আল আমিন, দৈনিক সানশাইনের প্রতিনিধি ইমাম হোসেন, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের বাগমারা প্রতিনিধি মিজানুর রহমানসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কেক কাটা হয় এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

