ফরিদপুর প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ফরিদপুরের বিভিন্ন স্থানে রাজপথে অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত তাঁদের এ অবস্থান কর্মসূচি চলে। এ সময় জেলায় কোথাও নাশকতার কোনো ঘটনা ঘটেনি।
ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশের নেতৃত্বে কৃষক দলের নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
এ ছাড়া নগরকান্দা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের জয় বাংলা মোড় ও গোপালগঞ্জ সীমান্তবর্তী চণ্ডীবর্দী বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেন। অন্যদিকে তামলার মোড়ে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েলের নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।
বিএনপি নেতাকর্মীরা জানান, লকডাউন কর্মসূচির নামে কেউ যেন নাশকতা বা জনসাধারণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটাতে না পারে, সে জন্য তাঁরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছেন।
তাঁদের এ অবস্থানের মধ্যে সকাল থেকে বিকেল পর্যন্ত ফরিদপুরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

