Nabadhara
ঢাকারবিবার , ২৯ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বড় বোনের ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি অধরা, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
নভেম্বর ২৯, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন তরুণের বিরুদ্ধে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। এ ঘটনায় করা মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দুই আসামি পলাতক রয়েছেন।

গত ২০ অক্টোবর এ ঘটনা ঘটে। সম্প্রতি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় গত ২৩ নভেম্বর কিশোরীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার এজাহারে মো. শিপন (২২), সাইফুল ইসলাম (২৩) ও মোছলে উদ্দিনকে (২৪) আসামি করা হয়েছে।

ভুক্তভোগীর বাবা জানান, প্রায় এক মাস ধরে মেয়ের আচরণে পরিবর্তন লক্ষ করছিলেন তিনি। পরে ২২ নভেম্বর ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার খবর পেয়ে মেয়ের কাছ থেকে বিস্তারিত জানতে পারেন। এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রধান আসামি শিপনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, গ্রেপ্তার শিপন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ভুক্তভোগী কিশোরীর জবানবন্দিও আদালতে রেকর্ড করা হয়েছে। পলাতক অপর দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ভুক্তভোগী কিশোরীর বড় বোনও ২০১২ সালে ধর্ষণের শিকার হয়েছিলেন। তিনি বাক্‌প্রতিবন্ধী। ওই ঘটনায় করা মামলায় গত বছরের ডিসেম্বরে রাজীব হোসেন নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়। তবে এখনো তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পরিবারের ধারণা, তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন।

ভুক্তভোগীর বাবা জানান, বড় মেয়ের ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া সন্তানের বয়স বর্তমানে প্রায় ১৩ বছর। ওই মামলার বিচার পেতে দীর্ঘদিন আইনি লড়াই চালাতে গিয়ে তিনি আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েছেন। এখন ছোট মেয়েও একই ধরনের অপরাধের শিকার হওয়ায় নতুন করে মামলা পরিচালনা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তিনি পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে কবিরহাট থানার ওসি রোমেল বড়ুয়া বলেন, বড় মেয়ের আগের ঘটনার বিষয়ে মামলা হওয়ার পর তিনি জানতে পেরেছেন। ওই মামলার সাজাপ্রাপ্ত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলে তাঁকে আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, বর্তমান মামলার অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।