ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে উঠেছে খুলনার এসবি আলী ফুটবল একাডেমি। রোববার (২৯ নভেম্বর) বিকেলে প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে ঝিনাইদহের হরিণাকুণ্ডু খেলোয়াড় কল্যাণ ফুটবল দলকে ১০-৯ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে দলটি।
কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।
খেলার নির্ধারিত সময়ে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও কোনো গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য ড্র নিয়ে শেষ হয় ম্যাচ। পরে টাইব্রেকারে ১০-৯ গোলে জয় তুলে নেয় খুলনার এসবি আলী ফুটবল একাদশ। বিজয়ী দলের অধিনায়ক ইয়াসিন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন টুটুল হোসেন, জালাল হোসেন, আপন ও খায়রুল ইসলাম। ধারাভাষ্য দেন রবিউল ইসলাম। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে আট দল নিয়ে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের খেলায় উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি আশরাফুজ্জামান রনি, ক্রীড়া সংগঠক অজিত ভট্টাচার্য, আসাদুজ্জামান মুকুল, তৌফিকুজ্জামান কাজল, তপন কুমার বাটুল, নুরুল ইসলাম, ওয়াসিম, লেখন সর্দার, সাংবাদিক জামির হোসেন, সাবজাল হোসেন ও তারেক মাহমুদসহ ক্রীড়া সংগঠনের অন্যান্য সদস্যরা।

