ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে সারা ফার্মাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জরিমানা অনাদায়ে প্রতিষ্ঠানটির মালিককে ১০ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে ভাণ্ডারিয়া পৌরসভার চেয়ারম্যান বাড়ি সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সারা ফার্মায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির মালিক মো. মাহমুদুল হাসানকে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার এবং জেলা ওষুধ তত্ত্বাবধায়ক সুশীল কুমারের যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবনে মানুষের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। জনস্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

