Nabadhara
ঢাকারবিবার , ২৯ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শীতের আগমনে কাউনিয়ায় লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
নভেম্বর ২৯, ২০২৬ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

শীতের আগমনে রংপুরের কাউনিয়ায় জমে উঠতে শুরু করেছে লেপ-তোষকের ব্যবসা। তাপমাত্রা কমতে থাকায় দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। কেউ কিনছেন তৈরি লেপ-তোষক, কেউ দিচ্ছেন নতুন তৈরির অর্ডার। আবার অনেকে পুরোনো লেপ-তোষক মেরামত ও তুলা পরিবর্তন করিয়ে নিচ্ছেন। চাহিদা বাড়ায় ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কারিগররা।

তিস্তা নদীবেষ্টিত চরাঞ্চলসহ কাউনিয়ার গ্রামীণ জনপদে সন্ধ্যা নামলেই অনুভূত হচ্ছে শীতের আমেজ। রাত গভীর হওয়ার সঙ্গে বাড়ছে ঠান্ডার প্রকোপ। ফলে ফ্যানের ব্যবহার কমে বাড়ছে কাঁথা, কম্বল, সুয়েটার, মাফলার ও লেপ-তোষকের কদর। শীত নিবারণের প্রস্তুতি হিসেবে মানুষ ছুটছেন এসব পণ্যের দোকানে।

কাউনিয়া থানা রোডের মশিউর বেডিং স্টোরের মালিক আফসার আলী জানান, শীত মৌসুমের শুরুতেই কাজের চাপ বেড়েছে। মূলত ডিসেম্বর মাসে ব্যবসা জমে ওঠে। অনেকেই নতুন লেপ-তোষক তৈরি করছেন। আবার পুরোনো লেপ-তোষক খুলে তুলা পরিষ্কার করে নতুন কাপড় দিয়ে তৈরি করাচ্ছেন। ঠান্ডা বাড়লে বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তিনি।

লেপ-তোষকের কারিগর হামিদুল ইসলাম জানান, দেশি তুলা, বিশেষ করে শিমুল ও কার্পাস তুলার উৎপাদন কমে যাওয়ায় এবং দাম বেশি হওয়ায় বর্তমানে বেশির ভাগ লেপ-তোষক তৈরি হচ্ছে গার্মেন্টসের তুলা দিয়ে। প্রতিটি লেপ তৈরির মজুরি ৩০০ থেকে ৩৫০ টাকা এবং তোষকের মজুরি ২৫০ থেকে ৩০০ টাকা। দিনে গড়ে ৪ থেকে ৫টি লেপ-তোষক তৈরি করে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত আয় হয়। বছরের এই মৌসুমের উপার্জন দিয়েই বাকি সময় চলতে হয় বলে এ সময় দিনরাত পরিশ্রম করতে হয়।

তকিপল হাটের লেপ-তোষক ব্যবসায়ী মহুবর রহমান জানান, বর্তমানে প্রতি কেজি কার্পাস তুলা ২০০ থেকে ৩০০ টাকা, শিমুল তুলা ৪০০ টাকা এবং গার্মেন্টসের তুলা ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ বছর লেপের কাপড়ের দাম গজপ্রতি ৫০ থেকে ৭০ টাকা এবং তোষকের কাপড় ৬০ থেকে ১২০ টাকা। তুলার ধরনভেদে তৈরি লেপ ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা, তোষক ১ হাজার থেকে ২ হাজার টাকা এবং জাজিম সর্বোচ্চ ৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে কাউনিয়া বাসস্ট্যান্ডের টেপামধুপুর রোডের রউফ বেডিং স্টোরের মালিক আব্দুর রউফ জানান, শীতের তীব্রতা বাড়ার আশঙ্কায় কারিগররা আগেভাগেই লেপ-তোষক তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন। তবে অনেক ক্রেতা লেপের পরিবর্তে কম্বল কিনছেন। দোকানগুলোতে দেশি-বিদেশি বিভিন্ন রঙের কম্বল থাকায় বিকল্প হিসেবে কম্বলের প্রতি আগ্রহ বাড়ছে।

সব মিলিয়ে শীতের আগমনে কাউনিয়ার লেপ-তোষকের দোকানগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। পাশাপাশি মৌসুমি এ ব্যবসাকে ঘিরে নতুন করে কর্মব্যস্ততা তৈরি হয়েছে স্থানীয় কারিগর ও ব্যবসায়ীদের মধ্যে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।