আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে আদালতের নির্দেশে প্রায় দেড় বছর পর কবর থেকে ছয় মাস বয়সী একটি ভ্রূণের মরদেহ উত্তোলন করা হয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে ভ্রূণের পরিচয় ও পিতৃত্ব নিশ্চিত করতে রোববার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুল্যা গ্রামে এ কার্যক্রম পরিচালনা করা হয়। পরে প্রয়োজনীয় পরীক্ষার জন্য মরদেহটি সাতক্ষীরায় পাঠানো হয়েছে।
আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) আনজির হোসেন জানান, প্রায় এক বছর ছয় মাস আগে এ ঘটনায় মামলা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, কুল্যা গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী সাথী পারভীনের সঙ্গে তাঁর চাচাতো ভাসুর আবু সালেহ মুসার ছেলে আরিফুল ইসলামের সম্পর্ক ছিল। একপর্যায়ে সাথী পারভীন ছয় মাসের অন্তঃসত্ত্বা হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, বিয়ের দাবিতে সাথী পারভীন আরিফুল ইসলামের বাড়িতে গেলে তিনি বিষয়টি অস্বীকার করেন। এ সময় তাঁকে মারধর ও পেটে আঘাত করার কারণে গর্ভপাত ঘটে বলে অভিযোগ করেন সাথী পারভীন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আরিফুল ইসলাম।
এ ঘটনায় সাথী পারভীন আদালতে মামলা দায়ের করেন। পরে মামলাটি সিআইডি তদন্ত করে। তদন্তের ধারাবাহিকতায় আদালতের নির্দেশে কুল্যা গ্রামে বাদীর মুরগির ঘরের পাশের কবর থেকে ভ্রূণের মরদেহ উত্তোলন করা হয়। ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের জন্য মরদেহটি সাতক্ষীরায় পাঠানো হয়েছে।
মরদেহ উত্তোলনের সময় আশাশুনির সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, মেডিকেল অফিসার ডা. প্রসূন কুমার মণ্ডল এবং সিআইডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

